সৌদি আরবের একাধিক অঞ্চলে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির সিভিল ডিফেন্স মহাপরিদপ্তর। সম্ভাব্য দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে জনসাধারণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল ডিফেন্সের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার ঝুঁকিতে থাকা এলাকা এবং নদী ও উপত্যকা থেকে দূরে থাকতে বলা হয়েছে। একই সঙ্গে বন্যার পানিতে সাঁতার না কাটার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া সব নিরাপত্তা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, মক্কা অঞ্চলের তায়েফ, মাইসান, আদহাম ও আল আরদিয়াতসহ বেশ কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
এ সময় কিছু এলাকায় শিলাবৃষ্টি এবং তীব্র দমকা হাওয়ারও আশঙ্কা রয়েছে। পাশাপাশি মক্কা নগরী, আল কামিল, আল জুমুম ও বাহরা এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে জাজান, আসির ও আল বাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এসব বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ধুলাঝড়ের সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এ ছাড়া মদিনা ও নাজরান অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া কেন্দ্র।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভারী বৃষ্টির সময় প্লাবিত এলাকা দিয়ে চলাচল না করার জন্য সতর্ক করা হয়েছে। একই সঙ্গে চালক ও সাধারণ বাসিন্দাদের নিয়মিতভাবে সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া আবহাওয়াসংক্রান্ত সতর্কবার্তা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
/এসএন