• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম


চিকিৎসার জন্য রিফাত চৌধুরীকে আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৮:০৭ পিএম

আশির দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসার ব্যয় বহন করতে সমাজের বিত্তবানদের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন তিনি। এমন সংকটময় পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।

রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেছেন জায়েদ খান। একই সঙ্গে অসুস্থ ও বিপদগ্রস্ত শিল্পীদের পাশে সহকর্মীদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

জায়েদ খান বলেন, ‘একজন শিল্পীর পাশে আমি সবসময় থাকার চেষ্টা করি। যতটা পারি, আমার সামর্থ্য অনুযায়ী শিল্পীর বিপদে পাশে দাঁড়াই। আমি চাই, প্রত্যেক শিল্পী যদি নিজেদের জায়গা থেকে বিপদগ্রস্ত শিল্পীদের পাশে দাঁড়ান, তাহলে কোনো শিল্পীকেই আর্থিক কষ্টে হাসপাতালের বিছানায় কাতরাতে হবে না।’

রিফাত চৌধুরীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর তার চিকিৎসা এবং আর্থিক সংকট নিয়ে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত এই শিল্পীর বর্তমান পরিস্থিতি নিয়ে তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

এর মধ্যেই জায়েদ খানের দেওয়া আর্থিক সহায়তা রিফাত চৌধুরীর চিকিৎসার ব্যয়ে কিছুটা স্বস্তি দেবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শিল্পীদের সংকটের সময়ে একে অন্যের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন জায়েদ খান। তার মতে, শিল্পীসমাজ নিজেদের জায়গা থেকে এগিয়ে এলে অসুস্থ বা বিপদগ্রস্ত কোনো শিল্পীকে চিকিৎসার জন্য আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে না।

উল্লেখ্য, জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে স্টেজ শোয়ের পাশাপাশি নতুন একটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘ভায়োলেন্স’ নামের সিনেমাটির শুটিং শিগগিরই শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি।

/এসএন