• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম


বিশ্বকাপে নতুন বিতর্ক, ফ্রান্স–মরক্কো ম্যাচে ৫ রেফারির সবাই আর্জেন্টাইন!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুলাই ২০২৬ ১১:০৪ পিএম

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর রেফারিং ও ভিএআরের কয়েকটি সিদ্ধান্ত ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। মিসর শিবিরের অভিযোগ, ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর একাধিক সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে এবং লিওনেল মেসির দলকে সুবিধা দিতেই পুরো টুর্নামেন্টে ‘কারসাজি’ করা হয়েছে।

ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও মাত্র ১৩ মিনিটে তিনটি গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচ শেষে সম্প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মিসরের খেলোয়াড় মোস্তফা জিকো তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘এটি মোটেও ন্যায্য নয়। রেফারি একদমই নিরপেক্ষ ছিলেন না। এটি স্পষ্ট অবিচার। তিনি একটি পুরো দেশের পরিশ্রম নষ্ট করে দিয়েছেন। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিপক্ষে ছিলেন। আমরা যেন কোনোভাবেই ২-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়তে না পারি, সেই চেষ্টাই হয়েছে। এই টুর্নামেন্টটি সাজানো। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক।’

এদিকে এই বিতর্কের মধ্যেই আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য ফ্রান্স ও মরক্কোর কোয়ার্টার ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ফিফা।

ঘোষিত প্যানেল অনুযায়ী, ম্যাচটি পরিচালনা করবেন আর্জেন্টিনার রেফারিরা। প্রধান রেফারির দায়িত্বে থাকবেন ফাকুন্দো তেলো।

সাধারণত মাঠে রেফারিদের পারস্পরিক যোগাযোগ সহজ রাখতে একই দেশের বা একই অঞ্চলের ম্যাচ অফিসিয়ালদের দায়িত্ব দেওয়া অস্বাভাবিক নয়। তবে টুর্নামেন্টের এই পর্যায়ে ফ্রান্স ভবিষ্যতে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে—এমন যুক্তি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এবারের বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে একটি নির্দিষ্ট দেশের ম্যাচ অফিসিয়ালদের পুরো প্যানেল দায়িত্ব পালন করবে বলেও উল্লেখ করা হচ্ছে।

ফাকুন্দো তেলো এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে মরক্কোর ঐতিহাসিক কোয়ার্টার ফাইনাল ম্যাচও পরিচালনা করেছিলেন। তা সত্ত্বেও আর্জেন্টিনা-মিসর ম্যাচের বিতর্ককে সামনে এনে অনেক ফুটবল সমর্থক এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলছেন।

অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বোস্টনে অনুশীলন শুরু করেছে মরক্কো। দলের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে অনুশীলনের ছবি প্রকাশ করে জানানো হয়েছে, কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

শেষ ষোলোতে স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দেশ হিসেবে টানা দুটি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার কীর্তি গড়েছে মরক্কো।

কানাডার বিপক্ষে ম্যাচে আজজেদিন উনাহি জোড়া গোল করেন। ১৯৯৮ সালের পর বিশ্বকাপে কোনো মরক্কান ফুটবলারের এটিই প্রথম জোড়া গোল। দলের তৃতীয় গোলটি করেন সুফিয়ান রাহিমি।

এছাড়া আশরাফ হাকিমি বিশ্বকাপে ডিফেন্ডার হিসেবে নিজের তৃতীয় অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করেছেন। অন্যদিকে ব্রাহিম দিয়াজ চারটি অ্যাসিস্ট করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করা আফ্রিকান ফুটবলার হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।

সূত্র: এনডিটিভি

/এএসএফ