• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম


ফিলিস্তিনিদের জন্য ১০ কোটি ডলারের সহায়তা ঘোষণা কানাডার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৭ পিএম

দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা ধরে রাখতে ফিলিস্তিনের জন্য নতুন করে ১০ কোটি ডলারের সহায়তা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই সহায়তার ঘোষণা দেন তিনি।কানাডার ঘোষিত ১০ কোটি ডলারের মধ্যে ৮ কোটি ডলার ব্যয় করা হবে মানবিক সহায়তায়। বাকি ২ কোটি ডলার ব্যয় হবে নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন উদ্যোগে। এসব উদ্যোগের মধ্যে পশ্চিম তীরে পুলিশ প্রশিক্ষণের একটি প্রকল্পও রয়েছে।২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের জন্য ৬০ কোটি ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা।কার্নি বলেন, গাজায় ফিলিস্তিনিরা ‘অপরিসীম মানবিক দুর্ভোগের’ মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। একই সঙ্গে হামাস, ইরান ও তাদের মিত্রদের কাছ থেকে ‘অস্তিত্বের হুমকির’ মুখে রয়েছে ইসরায়েল।এদিকে চলতি সপ্তাহে কানাডার পার্লামেন্টে কিছু নথি উপস্থাপন করা হয়। এসব নথিতে ইসরায়েলের সামরিক বাহিনী ও বসতিস্থাপনকারীদের হাতে কানাডার অর্থায়নে পরিচালিত কয়েক ডজন সহায়তা প্রকল্পের ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরা হয়েছে।চলতি মাসের শুরুতে ফ্রান্স ও যুক্তরাজ্য একটি যৌথ বিবৃতিতে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করার ঘোষণা দেয়। বসতিস্থাপনকারীদের সহিংসতার কথা উল্লেখ করে দুই দেশ এ পদক্ষেপের কারণ ব্যাখ্যা করে।মঙ্গলবার কার্নি ইসরায়েলের পরিকল্পিত ‘ই-ওয়ান’ প্রকল্প নিয়েও কথা বলেন। সমালোচকদের ভাষ্য, এই বসতি নির্মাণ করা হলে পশ্চিম তীর কার্যত দুভাগ হয়ে যাবে।

/বিএসএস