• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম


থানার দরজা ভে’ঙে ১৭ কিশোর গ্যাং সদস্য পালা’নোর অভি’যোগ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৭:৪৭ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে কিশোর গ্যাং সন্দেহে আটক ১৭ সদস্য থানার দরজা ভেঙে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় থানার ভেতরে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালানোর কথাও জানা গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দাউদকান্দি মডেল থানায় এ ঘটনা ঘটে।

তবে থানার দরজা ভেঙে পালিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও ফুটেজ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বুধবার দিনভর দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৮ জনকে আটক করে পুলিশ। পরে তাদের থানার একটি বিশেষ কক্ষে রাখা হয়।

রাতে ওই কক্ষে থাকা কয়েকজন কিশোর হঠাৎ দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে বলে অভিযোগ রয়েছে। এ সময় কক্ষের ভেতরে থাকা কয়েকটি চেয়ার ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করা হয়। এরপর আটক ২৮ জনের মধ্যে ১৭ জন সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

আটক কিশোরদের অভিভাবকেরা দাবি করেন, তাদের বেশিরভাগের বিরুদ্ধে পুলিশের অপরাধসংক্রান্ত রেকর্ডে কোনো অভিযোগ নেই।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিকেল থেকেই আটক কিশোরদের স্বজন ও স্থানীয় লোকজন দাউদকান্দি মডেল থানার প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে সেখানে হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

তবে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, তেমন কিছু ঘটেনি। তিনি জানান, অপ্রয়োজনে ঘোরাফেরার কারণে সন্দেহভাজন হিসেবে ২৮ জনকে আটক করা হয়েছিল। তাদের স্বজনেরা একসঙ্গে থানায় আসায় কিছুটা ভিড় হয়েছিল।

ওসি বলেন, রাত সাড়ে ১০টার দিকে ২২ জনকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ছয়জনের যাচাই-বাছাই চলছে।

প্রসঙ্গত, বুধবার কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করে জেলা পুলিশ। জেলার ১৮টি থানায় একযোগে চালানো ওই অভিযানে মোট ৬২৪ কিশোরকে আটক করা হয়।

এর মধ্যে দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ ২৮ জনকে আটক করে।

/এসএন