ভিজিট ভিসা ব্যবহার করে হজ পালনের কোনো সুযোগ নেই বলে স্পষ্টভাবে জানিয়েছে সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, হজে অংশ নিতে হলে অবশ্যই সরকারি অনুমোদন বা বৈধ হজ পারমিট থাকতে হবে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৭ হিজরি হজ মৌসুম সামনে রেখে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ বিবৃতিতে সতর্ক করে বলেছে, অনুমতি ছাড়া কেউ যদি হজ পালনের চেষ্টা করে বা নির্ধারিত বিধি লঙ্ঘন করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভিজিট ভিসায় সৌদি আরবে আসা কোনো ব্যক্তি হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন না। হজে অংশগ্রহণের জন্য অফিসিয়াল অনুমতিপত্র বা পারমিট থাকা বাধ্যতামূলক।
এদিকে অবৈধভাবে হজ পালনের চেষ্টা করা ব্যক্তিদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এ ধরনের তথ্য জানাতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।