সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টার মধ্যে দেশের তিন বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।
এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। একই সঙ্গে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
/এসএন