ছবি: সংগৃহীত
সৌদি আরবে চলমান হজ কার্যক্রমে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্কের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, মারা যাওয়া চারজনই পুরুষ এবং তারা সবাই মক্কায় ইন্তেকাল করেছেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা বা মিনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
নিহত হজযাত্রীরা হলেন—মো. নইম উদ্দীন মণ্ডল, মো. আবুল কাশেম, মো. সেরাজুল হক এবং মো. খলিলুর রহমান।
এদিকে হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন রয়েছেন।
তারা মোট ৮৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৮টি, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
হজ আইটি হেল্পডেস্কের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চিকিৎসা কেন্দ্রে ২ হাজার ৮৫০টি ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ৬ হাজার ৯২২টি সেবা প্রদান করা হয়েছে।