• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৮ এএম


হজের নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সৌদি আরব স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ এপ্রিল ২০২৬ ১১:২৫ পিএম

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজের নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ভিজিট ভিসায় আগত কাউকে অবৈধভাবে হজ পালনে সহায়তা বা আশ্রয় দিলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকার সমান।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ওকাজ পত্রিকা-এর তথ্য অনুযায়ী—কোনো হোটেল, অ্যাপার্টমেন্ট বা ব্যক্তিগত বাসায় ভিজিট ভিসাধারীদের থাকার সুযোগ করে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

এছাড়া শুধু আশ্রয় দেওয়া নয়, বরং যারা অবৈধভাবে অবস্থানকারীদের তথ্য গোপন করবেন বা তাদের মক্কাসহ পবিত্র স্থানগুলোতে অবস্থানের জন্য সহায়তা করবেন, তারাও একই ধরনের শাস্তির আওতায় পড়বেন।

এই কঠোর বিধিনিষেধ হজ মৌসুমের শুরু অর্থাৎ জিলকদ মাসের প্রথম দিন থেকে জিলহজ মাসের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে। কোনো ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকলে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

হজের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, এসব নিয়ম অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

সূত্র: গালফ নিউজ।