• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ পিএম


ফতুল্লায় দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘ’র্ষ, টি’য়ার শেল নি’ক্ষেপ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ নভেম্বর ২০২৬ ৬:১২ পিএম


নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রমিকেরা হাজীগঞ্জ-পোস্ট অফিস সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফতুল্লার কাঠেরপুল এলাকার মাইক্রোফাইবার, লিবার্টিসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে কারখানা থেকে বেরিয়ে সড়কে জড়ো হন।

একপর্যায়ে আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও বাইরে বের করে আনতে ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। পরে হাজীগঞ্জ-পোস্ট অফিস সড়কের কাঠেরপুল এলাকার বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা একত্র হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় যাওয়ার চেষ্টা করেন।

এ সময় শিল্প পুলিশ ও থানা-পুলিশ তাঁদের বাধা দেয়। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে কাঠেরপুল এলাকায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।

শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ সংবাদমাধ্যমকে বলেন, মাইক্রোফাইবার কারখানার শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও বাইরে বের করে আনার চেষ্টা করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

তিনি জানান, এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। যেকোনো মূল্যে শ্রমিকদের সড়ক অবরোধ করতে দেওয়া হবে না। দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছিলেন।

এর আগে গত দুই দিন ধরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট ও জালকুড়ি এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

/এসএন