• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২০ এএম


মজুরি বৃদ্ধির আন্দোলনে উসকা’নির অভি’যোগ, আট’ক তিন শ্রমিক নেতা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ নভেম্বর ২০২৬ ১২:৩১ পিএম


পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনে উসকানি দিয়ে খাতটিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সাভারের আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

পুলিশ আটক তিন শ্রমিক নেতার পরিচয়ও নিশ্চিত করেছে। তাঁরা হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আ. হালিম (৩৭), বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮) এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬)।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসলাম আটকের বিষয়ে জানান, চলমান শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টির অভিযোগের পক্ষে যথাযথ তথ্যপ্রমাণ পাওয়ার ভিত্তিতে ওই তিন শ্রমিক নেতাকে আটক করা হয়েছে।

তিনি জানান, আটক শামীমকে জিরাবো এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, হালিম ও মনসুরকে আটক করা হয়েছে বসুন্ধরা সোনিয়া মার্কেট থেকে।

ওসি আরও জানান, আটক তিন শ্রমিক নেতাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

/এসএন