• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২০ এএম


এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেইল করা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ১ ডিসেম্বর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ নভেম্বর ২০২৬ ৬:৪৭ পিএম


এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে আবেদন ফরম পূরণ করতে হবে। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর পর্যন্ত।

বুধবার (৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফরম পূরণের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে। পরীক্ষার ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে জমা দেওয়া যাবে। ফি পরিশোধের রসিদ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

পরীক্ষার্থীদের তত্ত্বীয় বিষয়ের প্রতিটির জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক বিষয়ের প্রতিটির জন্য ২৫ টাকা করে ফি দিতে হবে। এর পাশাপাশি কেন্দ্র ফি হিসেবে জমা দিতে হবে ৪৫০ টাকা। সে অনুযায়ী, এক বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়া একজন শিক্ষার্থীকে মোট ৬০০ টাকা পরিশোধ করতে হবে।

পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা এবং ফরম পূরণের তালিকা শিগগিরই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফি জমা দেওয়ার এক দিনের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান তালিকা যাচাই করে পরীক্ষার্থীদের স্বাক্ষর সংগ্রহ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তালিকার প্রতিটি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর থাকতে হবে। পরীক্ষার্থীদের স্বাক্ষরসংবলিত তালিকার প্রিন্ট কপি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন শিক্ষার্থী। আর দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।

/এসএন