• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০২ এএম


শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ নভেম্বর ২০২৬ ৬:৪২ পিএম


শ্রমিকদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিকে ঘিরে শিল্পাঞ্চলে সৃষ্ট অসন্তোষের পরিপ্রেক্ষিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় মোট ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় দায়িত্ব পালন করছেন ১৩ প্লাটুন বিজিবি সদস্য। এ ছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বিজিবি।

মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে তাঁদের নিয়মিত টহল ও নিরাপত্তামূলক কার্যক্রম চলছে।

বিজিবি আরও জানিয়েছে, শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিল্পাঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে সদস্যরা পেশাদারত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

/এসএন