চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ৮১টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৯ হাজার ২৪৮ জন।
শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৩টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩০টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।
এদিকে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২২ এপ্রিল মক্কা নগরে ৭০ বছর বয়সী মো. আবুল কাশেম মারা যান। এর আগের দিন জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল মৃত্যুবরণ করেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে। এর আগে ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।