সৌদি আরবের দাম্মামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই প্রবাসী ভাই নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) দিবাগত রাতে খেজুর ব্যবসার কাজ শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গলিপুর গ্রামের খলিফার বাড়ির আব্দুল মালেকের দুই ছেলে—বড় ছেলে সজীব এবং ছোট ছেলে সুজন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন দুই ভাই। তারা বিভিন্ন বাগান থেকে খেজুর সংগ্রহ করে প্রক্রিয়াজাত করার পর বাজারে বিক্রি করতেন। বুধবার রাতে খেজুরবোঝাই একটি গাড়িতে করে বাগান থেকে ফেরার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক-লরির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
রাতেই সৌদি আরবে থাকা সহকর্মীরা ফোনে তাদের মৃত্যুর খবর পরিবারের সদস্যদের জানান। বর্তমানে দুই ভাইয়ের মরদেহ দাম্মামের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলে পরিবার জানিয়েছে।
একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পুরো গলিপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে খলিফার বাড়ির পরিবেশ। প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং প্রবাসী বাংলাদেশিরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবার এখনো আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেনি। পরিবার যোগাযোগ করলে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহায়তা দেওয়া হবে।
তিনি আরও জানান, সরকারি বিধি-বিধান অনুযায়ী আর্থিক সহায়তার সুযোগ থাকলে তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা করবে জেলা প্রশাসন।
/এএসএফ