পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে প্রায় দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যুবক জিহাদ মজুমদার (২৫)। কিন্তু প্রবাসজীবনের সেই স্বপ্নের নির্মম পরিসমাপ্তি ঘটেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়।শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে সৌদি আরবের জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হন জিহাদ মজুমদার। তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার, আত্মীয়স্বজন ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নিহত জিহাদ মজুমদার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত ইসহাক মজুমদারের ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে প্রায় দুই বছর আগে সৌদি আরবে যান জিহাদ। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। শুক্রবার জেদ্দা শহরের একটি সড়কে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য, পরিবারের আর্থিক অবস্থার উন্নতির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছিলেন জিহাদ। তার উপার্জনের ওপরই পরিবারের বড় একটি অংশ নির্ভরশীল ছিল। হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা গভীর শোকে ভেঙে পড়েছেন।
স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। এদিকে জিহাদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর দক্ষিণ রামপুর এলাকায় শোকের আবহ বিরাজ করছে।দুই বছর আগে সৌদি পাড়ি, লাশ হয়ে ফিরছেন কুমিল্লার জিহাদ।
/বিএসএস