সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হানিফ মিয়া (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে ওমরাহ পালন শেষে কর্মস্থলে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ মিয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের হিরণ মিয়ার ছেলে।
নিহতের চাচা বেলাল হোসেন দীলিপ ও প্রবাসী কিবরিয়া সোহেল জানান, বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে প্রথমে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর গাড়ি থেকে নেমে সবাই সড়কে দাঁড়িয়ে থাকলে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি গাড়ি তাদের দিকে ধেয়ে আসে।
এ সময় হানিফ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা তিন বাংলাদেশি সহকর্মী দ্রুত সড়কের আইল্যান্ডে উঠে প্রাণে রক্ষা পান।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান হানিফ। সেখানে তিনি মক্কার একটি হাসপাতালে ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন।
কয়েক দিন আগে তার দাদির মৃত্যু হলে রুহের মাগফিরাত কামনায় ওমরাহ পালন করেন তিনি। ওমরাহ শেষে তিন সহকর্মীকে নিয়ে কর্মস্থলে ফেরার সময়ই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
পরিবার জানায়, দুই ভাই ও চার বোনের মধ্যে হানিফ ছিলেন সবার বড়। আর মাত্র এক মাস পর দেশে ফিরে তার বিয়ে হওয়ার কথা ছিল। এ জন্য পরিবারের সদস্যরা পাত্রীও দেখছিলেন। কিন্তু সেই আনন্দের অপেক্ষা এখন শোকে পরিণত হয়েছে।
হানিফের কর্মস্থলের সুপারভাইজারের সঙ্গে পরিবারের যোগাযোগ হয়েছে। তিনি মরদেহ দেশে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এদিকে, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন নিহতের স্বজনরা।
/এএসএফ