• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০১:১৭ পিএম


‘ছিন্ন-বিচ্ছিন্ন হোক দেহ’, স্ট্যাটাসের পরেই সড়ক দুর্ঘটনায় প্রবাসী ‍নিহত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ মে ২০২৬ ৮:২১ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লক্ষ্মীপুরের কমলনগরের প্রবাসী যুবক মাহাদি রাজ শুভ। মৃত্যুর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি আবেগঘন স্ট্যাটাস ঘিরে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।মাহাদি লিখেছিলেন, “বড় একটি এক্সিডেন্ট হোক, ছিন্ন বিচ্ছিন্ন হোক দেহ, স্বপ্নগুলো মরে যাক, মুছে যাক সব অপূর্ণতা।” মানসিক কষ্ট থেকে দেওয়া এই স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পরই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

শুক্রবার (২৯ মে) সকালে সৌদি আরবে অবস্থানরত মাহাদির সহকর্মী আরাফাত হোসেন রায়হান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।নিহত মাহাদি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সৌদি প্রবাসী মুহাম্মদ দুলালের ছেলে।

তিনি চরমার্টিন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।সহকর্মীদের বরাতে জানা গেছে, কয়েকদিন ধরেই মাহাদি মানসিকভাবে অস্থির ছিলেন। বৃহস্পতিবার (২৮ মে) ভোরে ফুড ডেলিভারির কাজে বের হওয়ার পর সন্ধ্যা পর্যন্ত বাসায় ফেরেননি। পরে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

রাতে সৌদি পুলিশ সহকর্মীদের জানায়, রিয়াদের তোমামা এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাহাদির মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহ কিং সৌদি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে দ্বিতীয়বারের মতো সৌদি আরবে যান মাহাদি। তার বাবা দুলালও বর্তমানে সৌদিতে অবস্থান করছেন। দেশে মাহাদির মা ও বোন রয়েছেন।

তবে পরিবারের সদস্যদের কাছে এখনো মৃত্যুর খবরটি জানানো হয়নি। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।নিহতের মামা আলমগীর সারোয়ার জানান, সৌদিতে মাহাদির জন্য একটি দোকানের ব্যবস্থা করেছিলেন তার বাবা। ব্যবসাও ভালো চলছিল। কিন্তু পরে তিনি দোকানটি বিক্রি করে দেন। পরিবারের অমতে বিয়ে করলেও পরে পরিবার সেটি মেনে নেয়।

তার তিন বছরের একটি সন্তান রয়েছে।তিনি বলেন, পারিবারিক ও ব্যক্তিগত নানা কারণে মাহাদি মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। সেই কষ্ট থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন। এর একদিন পরই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

/বিএসএস