• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৫ এএম


লেবাননে ইসরায়েলি হামলা, আবার বন্ধ হরমুজ প্রণালি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ এপ্রিল ২০২৬ ৬:৫১ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। লেবাননে ইসরায়েলের বিমান হামলার প্রতিবাদে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল বন্ধ করে দিয়েছে ইরান।

বুধবার (৮ এপ্রিল) ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সকালে ইরানের অনুমতি নিয়ে দুটি তেলবাহী জাহাজ প্রণালিটি অতিক্রম করতে পারলেও বর্তমানে সেখানে ট্যাংকার চলাচল বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন স্বাভাবিক রাখা ছিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে তা আবারও অনিশ্চয়তায় পড়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে এক জরুরি ফোনালাপে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। তেহরান থেকে সতর্ক করে বলা হয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে তারা এই শান্তিচুক্তি থেকে পুরোপুরি সরে দাঁড়াতে পারে এবং প্রয়োজন হলে পাল্টা জবাব দেবে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী ওই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, হরমুজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। এর মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ করা হয়। কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের দেওয়া আলটিমেটামের পর ইরান সাময়িকভাবে এই প্রণালি খুলে দিতে রাজি হয়েছিল, যার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছিল।

তবে নতুন করে প্রণালিটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব জ্বালানি বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে আবারও অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।