• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম


চীনের উপহার ডাস্টবিনে ফেলল মার্কিন প্রতিনিধি দল?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ মে ২০২৬ ১১:১৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:
চীন সফর শেষে মার্কিন প্রতিনিধি দল চীনা আয়োজকদের দেওয়া উপহার ও স্মারক সামগ্রী ট্র্যাশ বিনে ফেলে দেয়— এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে বলা হচ্ছে, সফরের সময় প্রতিনিধি দলের সদস্যরা ব্যক্তিগত মোবাইল বা ল্যাপটপ ব্যবহার না করে বিশেষ “বার্নার ফোন” ব্যবহার করেছিলেন।

ভাইরাল হওয়া পোস্টগুলোতে দাবি করা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল বেইজিং সফরে গেলে নিরাপত্তাজনিত কারণে চীনা উৎসের কোনো উপহার বা ডিভাইস বিমানে তোলা হয়নি।

পোস্টে আরও বলা হয়, প্রতিনিধি দলের সদস্যরা আগেই নিজেদের ব্যক্তিগত ডিভাইস বাসায় রেখে যান এবং পুরো সফরে অস্থায়ী ও সীমিত ব্যবহারের “ক্লিন” বা “বার্নার” ফোন ব্যবহার করেন।

তবে এসব দাবির পক্ষে যুক্তরাষ্ট্র সরকার বা হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমেও বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি।

বিশেষজ্ঞদের মতে, সংবেদনশীল কূটনৈতিক সফরে অনেক দেশই সাইবার নিরাপত্তার কারণে বিশেষ সতর্কতা অনুসরণ করে থাকে। বিশেষ করে চীন, রাশিয়া বা অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র সফরের ক্ষেত্রে অস্থায়ী ডিভাইস ব্যবহার, সীমিত যোগাযোগ ব্যবস্থা এবং ডিজিটাল নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা অস্বাভাবিক নয়।

সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষণে অতীতেও বলা হয়েছে, বিদেশ সফরে উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগত ডিভাইস ব্যবহারে সতর্ক থাকতে বলা হয়।

তবে চীনা উপহার ট্র্যাশ বিনে ফেলে দেওয়ার ভাইরাল দাবিটি এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই হয়নি।

/এএসএফ