• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৪ এএম


সৌন্দর্যের আড়ালে ভয়ংকর মুখ— অবশেষে ধরা পড়লেন সিরিয়ার বাশার আল আসাদের সেই নিষ্ঠুর কারারক্ষী!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ মে ২০২৬ ১০:৩৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার রাজধানী দামেস্কে জনপ্রিয় এক নারী হেয়ার ড্রেসারকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। হালা মুনির মোহাম্মদ নামে ওই নারী একদিকে ছিলেন পরিচিত মেকআপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট, অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে এয়ারফোর্স ইন্টেলিজেন্স পরিচালিত একটি কারাগারের গার্ড হিসেবেও কাজ করতেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রগুলোর দাবি, দামেস্কের মেজ্জা-৮৬ এলাকার একটি নারী বিউটি সেলুনে তিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কাজের প্রশংসাও ছিল ব্যাপক।

তবে অভিযোগ রয়েছে, কারাগারে দায়িত্ব পালনকালে তিনি নারী বন্দীদের ওপর কঠোর নির্যাতন চালাতেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তার হাতে প্রায়ই একটি সবুজ প্লাস্টিকের পাইপ দেখা যেত, যা দিয়ে তিনি বন্দীদের মারধর করতেন। এছাড়া ইচ্ছাকৃতভাবে সেলের ফ্যান বন্ধ বা চালু রাখা, খাবারের সময় সীমিত করা এবং বাথরুম ব্যবহারে বাধা দেওয়ার মতো আচরণের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

একপর্যায়ে তিনি বিউটি সেলুনের কাঁচি নিয়ে কারাগারে প্রবেশ করে কয়েকজন নারী বন্দীর চুল কেটে দেন বলেও অভিযোগ রয়েছে।

বাশার আল-আসাদের পতনের পর তিনি পুরোনো এলাকা ছেড়ে দামেস্ক শহরে নতুন একটি সেলুনে কাজ শুরু করেন। সেখানে দ্রুত জনপ্রিয়তা অর্জন করলেও অতীত তাকে ছাড়েনি।

জানা গেছে, তার হাতে নির্যাতনের শিকার এক নারী সাংবাদিক দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলেন। পরে ওই সাংবাদিকের তথ্যের ভিত্তিতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করে।

তিন মাস নজরদারির পর চলতি বছরের মার্চে সিরিয়ার পুলিশ তাকে আটক করে। বর্তমানে তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।