আবারও আলোচনায় নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। সাহসী ও ব্যতিক্রমধর্মী নানা সিদ্ধান্তের কারণে আগেই প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক ইস্যুতে নতুন করে আলোচনায় এসেছেন এই নেতা।ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার (১১ মে) দুই দিনের সফরে কাঠমান্ডু যাওয়ার কথা ছিল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির। নেপালের নতুন সরকারের অগ্রাধিকার ও কূটনৈতিক অবস্থান বোঝার লক্ষ্যেই তাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল নয়াদিল্লি।
তবে সফরের একদিন আগে রোববার ভারতের পক্ষ থেকে জানানো হয়, ‘অন্যান্য ব্যস্ততার কারণে’ আপাতত স্থগিত করা হয়েছে বিক্রম মিশ্রির নেপাল সফর। যদিও সফর স্থগিতের নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।এদিকে নেপাল ও ভারতীয় কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, মন্ত্রী পদের নিচে কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠকে আগ্রহী নন প্রধানমন্ত্রী বালেন শাহ।
সে কারণেই সফরটি পিছিয়ে যেতে পারে বলে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো ভারত বা নেপাল সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে বালেন শাহের অবস্থান ও সিদ্ধান্তগুলো ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ফলে এই সফর স্থগিতের ঘটনাও নতুন করে নানা জল্পনার জন্ম দিয়েছে।
/বিএসএস