শিশুদের বহুল পরিচিত ইংরেজি ছড়াগান ‘জনি জনি ইয়েস পাপা’ নিয়ে আপত্তি তুলেছেন ভারতের উত্তর প্রদেশের উচ্চশিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায়। তার দাবি, এই ছড়া শিশুদের মধ্যে অসততার প্রবণতা তৈরি করে এবং ভারতীয় মূল্যবোধ ও সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক।
রোববার (১০ মে) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ‘জনি জনি ইয়েস পাপা’ ও ‘রেন রেন গো অ্যাওয়ে’—এই দুই জনপ্রিয় ইংরেজি ছড়ার বার্তা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন উত্তর প্রদেশের এই মন্ত্রী।
যোগেন্দ্র উপাধ্যায় বলেন, ছোটবেলা থেকেই শিশুরা এই ছড়াগুলো শুনে বড় হয়। কিন্তু এসব ছড়ার মধ্যে এমন কিছু বার্তা রয়েছে, যা কোমলমতি শিশুদের ভুল শিক্ষা দেয়।
তিনি ‘জনি জনি ইয়েস পাপা’ ছড়ার লাইন উল্লেখ করে বলেন, “এই ছড়াটি আমাদের কী শেখায়—‘জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, টেলিং লাইজ নো পাপা, ওপেন ইয়োর মাউথ, হা হা হা।’ এই কথাগুলো শিশুদের মিথ্যা বলা শেখায়। কেউ কি কখনও ভেবে দেখেছেন, কীভাবে এই ছড়াটি ছোট শিশুদের ভুল পথে পরিচালিত করতে পারে?”
এছাড়া ‘রেন রেন গো অ্যাওয়ে’ ছড়ার সমালোচনা করে মন্ত্রী বলেন, ভারতীয় সংস্কৃতি “সর্বজন হিতায়, সর্বজন সুখায়”—অর্থাৎ সবার কল্যাণ ও সুখের কথা বলে। কিন্তু “রেন রেন গো অ্যাওয়ে, কাম অ্যাগেইন অ্যানাদার ডে, লিটল জনি ওয়ান্টস টু প্লে” ছড়াটি ব্যক্তিগত আনন্দ বা “স্বান্তঃ সুখায়”-এর ধারণা শেখায়, যা ভারতীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
যোগেন্দ্র উপাধ্যায় আরও বলেন, শিক্ষা শুধু জ্ঞান অর্জনের বিষয় নয়, এটি সংস্কৃতিও শেখায়। সম্প্রতি আগ্রার একটি অনুষ্ঠানে তিনি এই ছড়াগুলো নিয়ে কথা বলেছেন। একই ধরনের বক্তব্য তিনি লক্ষ্ণৌর একটি স্কুলেও দিয়েছেন বলে জানান।
মন্ত্রী বলেন, “আমার ভাষার বিরুদ্ধে কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেন অজান্তেই শিশুদের এমন কিছু শেখানো না হয়, যা তাদের মধ্যে ভুল সংস্কৃতি তৈরি করে। আমি এই বিষয়ে কথা বলে যাব।”
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তার বক্তব্যের সমালোচনা করেছেন—এ প্রসঙ্গে যোগেন্দ্র উপাধ্যায় বলেন, “আমি আজ জানতে পেরেছি, অখিলেশ যাদব আমার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সেই পর্যায় পর্যন্ত চিন্তা করতে পারেন না।”
সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি তোলেননি কেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি সচেতনভাবেই বিভিন্ন জায়গায় এ বিষয়ে কথা বলে যাচ্ছেন।
তিনি আরও বলেন, “এই ছড়াগুলোর নির্দিষ্ট কিছু লাইনের বিরোধিতা করায় কেউ যদি সমালোচনা করে, তাতে আমি গুরুত্ব দিই না।”
উল্লেখ্য, যোগেন্দ্র উপাধ্যায় ২০১২, ২০১৭ ও ২০২২ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। বর্তমানে তিনি আগ্রা দক্ষিণ আসনের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
/এসএন