• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম


গিটারকে মানুষ ভেবে জ’রিমানা, এআই ক্যামেরার ভুলে হতবাক স্কুটি মালিক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ অক্টোবর ২০২৬ ৭:৪৭ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ট্রাফিক ক্যামেরা নিয়ে ভারতে এবার দেখা গেল অদ্ভুত এক বিভ্রান্তি। বাইক চালকের পিঠে ঝোলানো একটি গিটারকে ‘পেছনের আরোহী’ হিসেবে শনাক্ত করেছে এআই ক্যামেরা। শুধু তাই নয়, ওই ‘আরোহী’ হেলমেট না পরায় স্কুটির মালিকের কাছে পাঠানো হয়েছে ৫০০ রুপির জরিমানার ই-চালান।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুর হেব্বাল এলাকার বাসিন্দা সৌভিক দত্ত গত ১৫ সেপ্টেম্বর পিঠে গিটার ঝুলিয়ে ই-স্কুটিতে করে যাচ্ছিলেন। এ সময় সড়কে স্থাপিত একটি এআই ক্যামেরা তার পিঠে থাকা গিটারটিকে দ্বিতীয় একজন আরোহী হিসেবে শনাক্ত করে।

এরপর গিটারকে আরোহী হিসেবে ধরে নিয়ে ওই ‘যাত্রীর’ মাথায় হেলমেট না থাকার অভিযোগে স্কুটির নামে জরিমানার চালান তৈরি করা হয়। পরদিনই সৌভিকের স্ত্রীর কাছে ৫০০ রুপির ট্রাফিক চালানের বার্তা পৌঁছায়। ঘটনাটি দেখে বিস্মিত হয়ে যান সৌভিক।

পরে তিনি বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের (বিটিপি) অফিসিয়াল হ্যান্ডেলে বিষয়টি নিয়ে অভিযোগ করেন। একই সঙ্গে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ট্রাফিক পুলিশকে ট্যাগ করে নিজের অভিজ্ঞতার কথা জানান।

সেখানে সৌভিক লেখেন, ‘আমি একা আমার স্ত্রীর টু-হুইলারে পিঠে গিটার ঝুলিয়ে যাচ্ছিলাম। আর হেলমেট ছাড়া পেছনে লোক বসানোর অপরাধে আমার স্ত্রীর কাছে ট্রাফিক চালান এসেছে! এআই প্রযুক্তির ট্রাফিক নজরদারির নমুনা দেখুন! দয়া করে চালানটি বাতিল করুন।’

পোস্টের সঙ্গে তিনি জরিমানার চালানের ছবিও প্রকাশ করেন।

সৌভিকের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর দ্রুতই ভাইরাল হয়ে যায়। এ ঘটনা ঘিরে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থার নির্ভুলতা নিয়েও ব্যাপক আলোচনা শুরু হয়।

বিষয়টি বেঙ্গালুরু ট্রাফিক পুলিশেরও নজরে আসে। পরে পুলিশ দ্রুত সৌভিকের সঙ্গে যোগাযোগ করে। একই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখা এবং ভুলভাবে তৈরি হওয়া চালানটি পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।

/এসএন