• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২০ পিএম


গাজার পরিবার ও শিশুদের জন্য দুবাইয়ে প্রস্তুত ১ কোটির বেশি খাবার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ অক্টোবর ২০২৬ ৮:২৮ পিএম

গাজার পরিবার ও শিশুদের জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১ কোটি বা ১০ মিলিয়নের বেশি খাবার প্রস্তুত করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক বড় মানবিক উদ্যোগে স্বেচ্ছাসেবী, সাধারণ মানুষ ও কমিউনিটির সদস্যরা এসব খাদ্যসহায়তার প্যাকেজ প্রস্তুত করেন। ‘আহমেদ বিন রশিদ হিউম্যানিটারিয়ান ব্রিজ’ নামের এই উদ্যোগটি আয়োজন করে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গ্লোবাল ইনিশিয়েটিভস (এমবিআরজিআই)। এতে সহযোগিতা করে গাজায় সংযুক্ত আরব আমিরাতের চলমান মানবিক কার্যক্রম ‘অপারেশন শিভ্যালরাস নাইট ৩’। প্রয়াত শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে উদ্যোগটির আয়োজন করা হয়। তাঁর দাতব্য ও মানবিক কর্মকাণ্ডের দীর্ঘ ঐতিহ্যকে স্মরণ করে এই কর্মসূচির মাধ্যমে গাজার সবচেয়ে প্রয়োজনগ্রস্ত পরিবার ও শিশুদের জন্য খাদ্য সহায়তা প্রস্তুত করা হয়।আয়োজনে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী ও কমিউনিটির সদস্য অংশ নেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় গাজার মানুষের জন্য ১০ মিলিয়নের বেশি খাবারের প্যাকেজ প্রস্তুত করা হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সমাজে স্বেচ্ছাসেবা, মানবিক সহায়তা ও সামাজিক সংহতির মূল্যবোধও তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাই সিভিল এভিয়েশন অথরিটির প্রেসিডেন্ট, দুবাই এয়ারপোর্টসের চেয়ারম্যান এবং এমিরেটস এয়ারলাইন অ্যান্ড গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম, শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং এমবিআরজিআইয়ের মহাসচিব মোহাম্মদ আল গেরগাওয়িসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।গাজার জন্য খাদ্য সহায়তার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত শীতকাল সামনে রেখে আরও একটি মানবিক কার্যক্রম শুরু করেছে। এর আওতায় গাজার ১০ লাখ মানুষের জন্য শীতবস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৫ হাজার শীতকালীন কিট পাঠানো হয়েছে, যাতে ৫০ হাজার জ্যাকেট, কম্বল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। ‘অপারেশন শিভ্যালরাস নাইট ৩’ ২০২৩ সালের নভেম্বর থেকে গাজার জন্য মানবিক সহায়তা দিয়ে আসছে। দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, এ কার্যক্রমের আওতায় গাজায় সংযুক্ত আরব আমিরাতের সহায়তার পরিমাণ ১৪ দশমিক ৬ বিলিয়ন দিরহামের বেশি হয়েছে। এর আগেও গাজার জন্য বড় খাদ্য সহায়তা কর্মসূচি পরিচালনা করেছে এমবিআরজিআই। ২০২৪ সালের জানুয়ারিতে বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে অংশীদারত্বে গাজার ১০ লাখ মানুষের জন্য সরাসরি খাদ্য সহায়তায় ৪৩ মিলিয়ন দিরহাম দেওয়ার ঘোষণা দিয়েছিল সংস্থাটি।

সূত্র: দ্য ন্যাশনাল, দুবাই মিডিয়া অফিস

/বিএসএস