• ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৩৮ পিএম


হরমুজ প্রণালি চালুতে নতুন কৌশল নিচ্ছে ইরান

The Pulse BD online news desk
আপডেট টাইম: ৩১ মার্চ ২০২৬ ৪:৫৭ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি পরিচালনায় নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে ইরান। প্রণালিটি দিয়ে জাহাজ চলাচলে টোল বা শুল্ক আরোপের একটি সংসদীয় প্রস্তাব দ্রুত অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্য আলাউদ্দিন বোরুজেরদি। তিনি বলেন, হরমুজ প্রণালি পরিচালনা সংক্রান্ত নতুন পরিকল্পনাটি যত দ্রুত সম্ভব অনুমোদন করা হবে।

প্রস্তাব অনুযায়ী, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না। পাশাপাশি নিরাপত্তা ও পরিষেবা ব্যয়ের যুক্তিতে ট্রানজিট টোল আরোপের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

বোরুজেরদি আরও বলেন, ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে আসার বিষয়েও ভাবছে। তাঁর দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর এই চুক্তির প্রাসঙ্গিকতা আর নেই।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাব হিসেবে ইরানও বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে কড়াকড়ি আরোপের ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। বিশ্বের বড় অংশের তেল ও এলএনজি এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এই রুটে যেকোনো ধরনের বিঘ্ন আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা তৈরি করতে পারে।

ইতোমধ্যে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ দ্রুত হরমুজ প্রণালি স্বাভাবিক করার আহ্বান জানিয়ে আসছে।