• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫২ পিএম


গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি সংগ্রহ করলেন হামজা চৌধুরী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ অক্টোবর ২০২৬ ১০:৪৩ পিএম

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি সংগ্রহ করলেন হামজা চৌধুরী

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। সংগৃহীত অর্থ শিশুদের জরুরি চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে ব্যয় করা হবে।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তহবিল সংগ্রহের খবর জানিয়ে হামজা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, গাজার শিশুদের জন্য আমরা ১০ লাখ পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ করতে পেরেছি।’

এই উদ্যোগ সফল করতে সহযোগিতা করায় নুজুম স্পোর্টসকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন হামজা। পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেওয়া, অর্থ দান করা এবং বিভিন্নভাবে সহায়তা করা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

চিকিৎসা ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে ব্যয় হবে অর্থ

হামজা জানান, সংগৃহীত অর্থ ‘চিলড্রেন নট নাম্বারস’ নামের সংস্থার মাধ্যমে গাজার শিশুদের চিকিৎসাসহায়তায় ব্যয় করা হবে। বিশেষ করে জরুরি চিকিৎসার প্রয়োজনে যেসব শিশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া প্রয়োজন, তাদের সহায়তায় এই তহবিল ব্যবহার করা হবে।

অল্প সময়ের মধ্যে এত বড় অঙ্কের তহবিল সংগ্রহ করতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ফুটবলার। তিনি বলেন, গাজার শিশুদের যে দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হচ্ছে, তার তুলনায় এই সহায়তা সামান্য হলেও প্রতিটি উদ্যোগ পরিবর্তন আনতে পারে।

পোস্টের শেষাংশে ফিলিস্তিনের মানুষের কষ্ট দূর হওয়া এবং সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেন হামজা।

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় আসছেন হামজা

এদিকে আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে খেলতে হামজার ৮ বা ৯ নভেম্বর দেশে আসার কথা রয়েছে।

তবে ক্লাবের ব্যস্ত সূচির কারণে ভুটানের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা সম্ভব হবে না বলে জানা গেছে।

/এএসএফ