• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫১ পিএম


স্ত্রীর ব্যক্তিগত ছবি নিয়ে বিরোধ, বন্ধুকে ছুরিকাঘাতে হত্যায় বাংলাদেশির ফাঁসির রায়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ নভেম্বর ২০২৬ ১১:০৬ পিএম

স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ, বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির ফৌজদারি আদালত এ রায় দেন। কুয়েতের পাবলিক প্রসিকিউশনের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজের।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি ছিলেন অভিযুক্ত বাংলাদেশির বন্ধু। একবার বন্ধুটি তাঁর বাসায় বেড়াতে গিয়ে অভিযুক্তের স্ত্রীর অনুমতি ছাড়াই ছবি তোলেন। পরে সেই ছবিগুলো ফেসবুকে প্রকাশ করেন।

ছবিগুলো প্রকাশের পর সেগুলোতে আপত্তিকর মন্তব্য আসতে শুরু করে। এ কারণে ছবিগুলো সরিয়ে নিতে বন্ধুকে অনুরোধ করেন অভিযুক্ত। তবে তিনি তাতে রাজি হননি। বরং আরও ছবি প্রকাশ করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তি ও তাঁর স্ত্রীর মধ্যে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে বন্ধুর ওপর ক্ষুব্ধ হয়ে তাঁকে হত্যার পরিকল্পনা করেন ওই বাংলাদেশি।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, পরিকল্পনা বাস্তবায়নে একটি ছুরি নিয়ে বন্ধুর কর্মস্থলের বাইরে অপেক্ষা করতে থাকেন অভিযুক্ত। ভুক্তভোগী সেখানে উপস্থিত আছেন, তা নিশ্চিত হওয়ার পর তাঁর বেরিয়ে আসার অপেক্ষা করেন। পরে তিনি বাইরে এলে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আদালতে হত্যার দায় স্বীকার করেন অভিযুক্ত। তিনি জানান, নিহত ব্যক্তির সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ করাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়। বারবার অনুরোধ করেও ছবি সরাতে ব্যর্থ হওয়ায় তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন।

আদালত অভিযুক্তের স্বীকারোক্তি এবং মামলার অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা করে তাঁকে ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন। পরে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

/এএসএফ