হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালিতে কঠোর বিধিনিষেধ বজায় রাখলেও এবার বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছে ইরান। কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে নির্দিষ্ট চার দেশের বাণিজ্যিক জাহাজকে নির্বিঘ্নে চলাচলের অনুমতি দিয়েছে তেহরান।
মঙ্গলবার (৩ নভেম্বর) ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (আইএসএনএ) দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক কমিটির উপপ্রধান আমির হায়াত-মোগাদ্দাম।
হায়াত-মোগাদ্দাম বলেন, ‘আমরা বর্তমানে ভারত, চীন, ইরাক ও কাতারের বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিধিনিষেধ থেকে অব্যাহতি দিয়েছি। এসব দেশের জাহাজ অবাধে যাতায়াত করছে এবং মার্কিনরাও সেগুলোকে বাধা দিচ্ছে না।’
সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিজেদের স্বার্থ রক্ষার লক্ষ্যেই এ ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, ভারত থেকে ওষুধ আমদানির সুবিধার্থে দেশটির জাহাজ চলাচলের পথ সহজ করা হয়েছে। অন্যদিকে, চীনা জাহাজকে ছাড় দেওয়ার মূল উদ্দেশ্য দেশটির রাজনৈতিক সমর্থন নিশ্চিত করা।
ভারতীয় ও চীনা জাহাজ থেকে ইরান ট্রানজিট ফি আদায় করলেও কাতারের জাহাজগুলোকে কোনো মাশুল ছাড়াই চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে ইরাকি জাহাজের ক্ষেত্রে ট্রানজিট ফি নেওয়া হয় কি না, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
বিশ্লেষকদের মতে, ভারতের জ্বালানি ও বাণিজ্যিক নিরাপত্তার জন্য ইরানের এ সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত তার মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৩০ শতাংশ এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) প্রায় ৯০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে আমদানি করে থাকে।
এ ছাড়া কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সার আমদানির ক্ষেত্রেও হরমুজ প্রণালি ভারতের অন্যতম প্রধান বাণিজ্যপথ।
/এএসএফ