ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১৮৫টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। ফলে দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৩৩৬।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে মির্জা ফয়সল আমীনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় ভোট গণনা। গণনা শেষে সব কেন্দ্রের ফলাফলে এগিয়ে থেকে বিজয়ী হন বিএনপির প্রার্থী।
ভোট পড়েছে ৬৪ দশমিক ৭৭ শতাংশ
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে ৬৪ দশমিক ৭৭ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন।
প্রতিদ্বন্দ্বিতা করেছেন পাঁচ প্রার্থী
এবারের উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে এবং জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে অংশ নেন।
অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী—বটগাছ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম—হাতপাখা প্রতীক এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক—ডাব প্রতীক।
১৮৫টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে বিএনপির মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।
/এএসএফ