• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পিএম


‘হরমুজকে আমেরিকার ভূখণ্ড মনে করি’, ফের বিত’র্কিত মন্তব্য ট্রাম্পের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ আগস্ট ২০২৬ ৩:৩৩ পিএম

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ ক্যারোলাইনার একটি নির্বাচনী সমাবেশে তিনি হরমুজ প্রণালিকে ‘আমেরিকার ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করার পাশাপাশি ইরানে আরও বোমা হামলার প্রসঙ্গেও রসিকতা করেছেন।

শুক্রবার (২১ আগস্ট) অনুষ্ঠিত ওই সমাবেশে হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা জিতেছি কি না, তা-ও জানি না। কারণ এই মুহূর্তে আমি হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড হিসেবেই দেখি।’

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে আলোচনা চালানোর চেষ্টা থাকলেও দেশটির জাহাজ চলাচল ও বন্দরগুলোর ওপর মার্কিন সামরিক অবরোধ অব্যাহত রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অবরোধ কার্যকর রাখতে শুক্রবার পর্যন্ত মার্কিন বাহিনী ৬৮টি বাণিজ্যিক জাহাজকে বিকল্প পথে পাঠিয়েছে।

নির্বাচনী সমাবেশে নিজের অভিবাসনবিরোধী বক্তব্যে নিয়মিত ব্যবহৃত ‘দ্য স্নেক’ কবিতা পাঠের আগে ইরানে আরও হামলার প্রসঙ্গ তোলেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, ‘শুক্রবার রাত। আমাদের হাতে প্রচুর সময় আছে। আমাকে আর কী করতে হবে? ফিরে গিয়ে ইরানের ওপর আরেকটু বেশি বোমা ফেলতে হবে?’

প্রায় ছয় মাস ধরে সংঘাত চললেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো কোনো শান্তিচুক্তি হয়নি। ট্রাম্প প্রশাসন একদিকে ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে, অন্যদিকে দেশটির তেল রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে প্রবেশাধিকার সীমিত করার চেষ্টা করছে।

ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই জলপথ দিয়েই সমুদ্রপথে বিশ্বে পরিবাহিত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ করা হয়।

এর আগে গত সপ্তাহেও হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। পরে নিউইয়র্কের একটি পুলিশ একাডেমিতে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র প্রণালিটি অবরোধ করে রেখেছে এবং তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ সেখানে প্রবেশ করতে পারে না।

সোমবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘অবরোধের মাধ্যমে আমরা এটিকে নিয়ন্ত্রণ করছি। আর এটিকে একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করার ধারণাটি আমার পছন্দ।’

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি মানচিত্রেও হরমুজ প্রণালিকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করেন ট্রাম্প। তবে তার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। তিনি ট্রাম্পের মন্তব্যকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন।

/এসএন