যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ঘোষিত ‘ইয়েলো লাইন’-এর দক্ষিণে তারা নতুন অভিযান শুরু করেছে, যেগুলোকে ‘হুমকি মোকাবিলা’ হিসেবে বর্ণনা করা হচ্ছে।
বৈরুতভিত্তিক সংবাদদাতা হেইডি পেট জানান, শনিবারও দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে গোলাবর্ষণ, মর্টার শেল ও মেশিনগান হামলা অব্যাহত রয়েছে। পাশাপাশি দুটি বিমান হামলার কথাও নিশ্চিত করেছে ইসরায়েল।
ইসরায়েলের দাবি, একটি হামলায় ‘ইয়েলো লাইন’-এর দিকে অগ্রসর হওয়া হিজবুল্লাহর একটি দলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্য হামলায় ওই রেখার দক্ষিণে একটি সুড়ঙ্গের প্রবেশপথের কাছে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে আঘাত হানা হয় এবং প্রবেশপথটি ধ্বংস করা হয়।
ইসরায়েলি সামরিক মুখপাত্র দাবি করেছেন, এসব হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন নয়। তার মতে, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আত্মরক্ষার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে প্রকাশিত চুক্তির পাঠেও এমন বিধান রয়েছে বলে উল্লেখ করা হয়। একইসঙ্গে চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবাননের ৫৫টি গ্রামে ইসরায়েলি উপস্থিতি অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে, হিজবুল্লাহ নেতা নাইম কাসেম এই চুক্তিকে লেবাননের জন্য ‘অপমানজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, কূটনৈতিক আলোচনার অপেক্ষায় থেকে ইসরায়েলের ধারাবাহিক হামলা মেনে নেওয়া হবে না।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানা গেছে, দক্ষিণ লেবাননের অনেক মানুষ নিজ নিজ গ্রামে ফিরতে শুরু করলেও যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তার কারণে অনেকে আবার আশ্রয়কেন্দ্রে ফিরে যাচ্ছেন।
সূত্র: আল জাজিরা