• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৯:১৯ পিএম


প্রাপ্তবয়স্ক নারী ইসলাম ধর্ম গ্রহন করে বিয়ের সিদ্ধান্ত নিলে হস্তক্ষেপ নয়: এলাহাবাদ হাইকোর্ট

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ আগস্ট ২০২৬ ৮:১৬ পিএম

প্রাপ্তবয়স্ক কোনো নারী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ, নিজের পছন্দের ব্যক্তিকে বিয়ে কিংবা ভবিষ্যৎ জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিলে তাতে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। একই সঙ্গে আদালত উত্তর প্রদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দুই বোনের বাবাকে আগামী ৬ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

রোববার (২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দিব্যা ভাটিয়া ওরফে জোয়া দিয়া ভাটিয়া (২০) এবং অংশু ভাটিয়া ওরফে আমিনা অংশু ভাটিয়া (৩৫)-এর পক্ষে দায়ের করা একটি হেবিয়াস কর্পাস আবেদনের শুনানিতে বিচারপতি সন্দীপ জৈন এই পর্যবেক্ষণ দেন।

আবেদনে অভিযোগ করা হয়, হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এবং নিজেদের পছন্দের ব্যক্তিদের বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার পর তাদের বাবা দুই বোনকে বেআইনিভাবে আটকে রেখেছেন।

শুনানিতে আদালত বলেন, দুই নারীই প্রাপ্তবয়স্ক। তাই নিজেদের ধর্ম, বিয়ে, বসবাস এবং ভবিষ্যৎ জীবন সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ আইনগত অধিকার তাদের রয়েছে।

আদালত আরও পর্যবেক্ষণ করেন, অভিযোগগুলো যদি সত্য প্রমাণিত হয়, তাহলে আবেদনকারীদের ব্যক্তিগত সিদ্ধান্তে তাদের বাবা বা অন্য কোনো ব্যক্তির হস্তক্ষেপ সংবিধান-সুরক্ষিত মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা, ব্যক্তিস্বাধীনতা এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকারের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

এ ঘটনায় পরবর্তী শুনানির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দুই নারীর বাবাকে আগামী ৬ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এএসএফ