• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০১:৩৫ এএম


ইমরান খানের স্বাস্থ্যের অবনতি ‘দ্রুত মুক্তি আহ্বান’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ আগস্ট ২০২৬ ৮:১১ পিএম

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারি বলেছেন, সরকারের ন্যূনতম দায়িত্ববোধ থাকলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়া উচিত।ব্রিটিশ দৈনিক দ্য অবজারভার-কে দেওয়া সাক্ষাৎকারে জুলফি বুখারি বলেন, ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি ঘটছে এবং তাঁর জরুরি ভিত্তিতে উপযুক্ত চিকিৎসার প্রয়োজন। তিনি অভিযোগ করেন, ইমরানকে সম্পূর্ণ নির্জন কারাবাসে রাখা হয়েছে। এমনকি তাঁর বোন, পরিবারের সদস্য কিংবা আইনজীবীদের সঙ্গেও নিয়মিত দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না।বর্তমানে পাকিস্তানের উত্তরাঞ্চলের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের একটি নির্জন কক্ষে বন্দী রয়েছেন ইমরান খান। চলতি সপ্তাহে ৭৩ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর কারাবাসের তিন বছর পূর্ণ হতে যাচ্ছে। একসময় তিনি ছিলেন পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা ও বিশ্বকাপজয়ী অধিনায়ক।এদিকে দ্য অবজারভার-কে দেওয়া এক যৌথ বিবৃতিতে ইমরান খানের দুই ছেলে সুলাইমান খান ও কাসিম খান জানিয়েছেন, তাঁদের পক্ষে আর নীরব থাকা সম্ভব নয়।বিবৃতিতে তারা বলেন, “আমাদের বাবাকে সাত মাসের বেশি সময় ধরে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এই দীর্ঘ কারাবাসে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়েছে বলে আমরা আশঙ্কা করছি। তাঁর সঙ্গে স্বাধীন ও নিয়মিতভাবে যোগাযোগ করার কোনো সুযোগ আমাদের দেওয়া হচ্ছে না।”২০২৩ সালে পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে বিরোধের জেরে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন ইমরান খান। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন এবং জনসমক্ষে খুব কমই দেখা গেছে। এর মধ্যে কেবল একটি অনলাইন আদালত শুনানির সময় ফাঁস হওয়া একটি ছবিতে তাঁকে দেখা যায়।এরই মধ্যে ব্রিটিশ দৈনিক দ্য অবজারভার এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানি সামরিক বাহিনীর কয়েকজন কর্মকর্তা এবং ইমরান খানের পরিবারের ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি অনুযায়ী, তাঁকে কারামুক্ত করার বিষয়ে গোপনে আলোচনা শুরু হয়েছে।প্রতিবেদনে উদ্ধৃত একটি সূত্রের ভাষ্য, পাকিস্তানকে এগিয়ে নিতে হলে দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার অবসান প্রয়োজন। তাদের মতে, টানা রাজনৈতিক অস্থিরতা দেশটির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

/বিএসএস