• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৪:১৯ এএম


মালয়শিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বড় ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ১৬৫

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ আগস্ট ২০২৬ ৮:৫৬ পিএম

মালয়েশিয়ার পেনাং রাজ্যের সিম্পাং আমপাট এলাকায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ ১৬৫ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২ আগস্ট) মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএমপিপি) এ তথ্য জানিয়েছে।

ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, গত ৯ জুলাই সিম্পাং আমপাটের তাসেক মুতিয়ারা ৮ এলাকার একটি নির্মাণস্থলে যৌথ অভিবাসন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটক ১৬৫ জনের মধ্যে ৯৪ জনের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট বা অনুমতিপত্র (পারমিট) ছাড়া মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগে ইমিগ্রেশন অ্যাক্টের ৬(১)(সি) ধারায় মামলা করা হয়েছে। এই ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ হাজার রিঙ্গিত জরিমানা, পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ডের পাশাপাশি সর্বোচ্চ ছয়টি বেত্রাঘাতের শাস্তির বিধান রয়েছে।

এ ছাড়া ৫১ জনের বিরুদ্ধে নির্ধারিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগে ইমিগ্রেশন অ্যাক্টের ১৫(১)(সি) ধারায় এবং ২০ জনের বিরুদ্ধে পাসপোর্টের অপব্যবহারের অভিযোগে ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩-এর ৩৯(বি) বিধি অনুযায়ী মামলা করা হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অভিবাসন আইন লঙ্ঘনকারী ব্যক্তি ও তাদের নিয়োগকর্তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, পাসপোর্টের অপব্যবহার রোধ এবং অভিবাসন আইন কার্যকর করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

/এএসএফ