• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১০:৩৫ পিএম


“ইরান যদি দ্রুতই চুক্তি করতে রাজি হয়, তাহলে হামলা নাও করতে পারি”

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ আগস্ট ২০২৬ ৮:৩৭ পিএম

ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হলে দেশটির ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিল করতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সম্ভাব্য চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালিতে পূর্ণাঙ্গ নৌচলাচল নিশ্চিত করতে হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে সৃষ্ট হুমকির অবসান ঘটাতে হবে।

রোববার (২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ একটি সমঝোতা চুক্তি সম্পন্ন করার জন্য সময় চেয়েছে। বিশ্বের ভবিষ্যৎ কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থ বিবেচনায় তিনি পরিকল্পিত সামরিক হামলা বাতিল করতে সম্মত হয়েছেন। তবে দ্রুত চুক্তি সম্পন্ন করাই এ সিদ্ধান্তের প্রধান শর্ত বলে উল্লেখ করেন তিনি।

তবে ট্রাম্প তার পোস্টে কোন কোন দেশ এই কূটনৈতিক উদ্যোগে যুক্ত রয়েছে, সে বিষয়ে কোনো নাম উল্লেখ করেননি।

এর আগে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। একই পোস্টে তিনি দাবি করেন, ইসরায়েলও তার এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছে।

ট্রাম্পের এই ঘোষণা এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, তার প্রশাসন সপ্তাহান্তে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এসব প্রতিবেদনের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

এর আগে তেহরান অভিযোগ করেছিল, ওয়াশিংটন অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়িয়ে তুলছে। পাশাপাশি ইরান সতর্ক করে জানায়, মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রকে সামরিক সহযোগিতা দেয়, তবে সেই দেশও সংঘাতের ঝুঁকিতে পড়বে।

এদিকে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার এবং পরিস্থিতির অবনতি হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

বিশ্লেষকদের মতে, একদিকে সমঝোতার আহ্বান এবং অন্যদিকে সামরিক পদক্ষেপের ইঙ্গিত—ট্রাম্পের এই দ্বিমুখী বার্তা মধ্যপ্রাচ্যের চলমান সংকটে নতুন মাত্রা যোগ করেছে।

/এএসএফ