চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, কোনো অপরাধী, সন্ত্রাসী, মাদক কারবারি কিংবা আইনভঙ্গকারী ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর, নিরপেক্ষ ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২ আগস্ট) সীতাকুণ্ড উপজেলার বাটিরখীল এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে পুলিশ সুপার সীতাকুণ্ড মডেল থানার বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং জনসেবার মান পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয়রা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভীতি প্রদর্শন, মাদক কারবার এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে ধরেন।
পুলিশ সুপার অভিযোগগুলো মনোযোগ দিয়ে শুনে বলেন, উপস্থাপিত প্রতিটি অভিযোগ আইনানুগভাবে তদন্ত করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি কিংবা যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত নিকটস্থ থানায় অথবা পুলিশের জরুরি সেবায় তথ্য দেওয়ার জন্য স্থানীয়দের আহ্বান জানান।
বার্ষিক পরিদর্শনের সময় থানার কর্মকর্তা ও সদস্যদের জনগণকে দ্রুত, আন্তরিক এবং হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ দেন পুলিশ সুপার। পাশাপাশি পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
মো. মাসুদ আলম বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে চট্টগ্রাম জেলা পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
/এএসএফ