• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০২:০১ এএম


নির্বাচনের দাবিতে বাস ধর্মঘট, বরিশালে ছয় রুটে যান চলাচল বন্ধ!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ আগস্ট ২০২৬ ৮:২১ পিএম

শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটে অভ্যন্তরীণ ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

রোববার (২ আগস্ট) সকাল থেকে চরকাউয়া বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। বিকেল পর্যন্ত ধর্মঘট অব্যাহত ছিল।

চরকাউয়া বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ছয়টি রুটে প্রতিদিন প্রায় ৭০টি বাস চলাচল করে। এসব রুটে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, ৫ আগস্টের পর থেকে চরকাউয়া বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পুরোনো কমিটি দিয়েই সংগঠন পরিচালনা করা হচ্ছে। তারা আরও দাবি করেন, বর্তমান শ্রমিক নেতাদের হাতে শ্রমিকরা মারধর ও নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এ কারণেই তারা ধর্মঘট কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা মোটরসাইকেল, রিকশা ও ভ্যানের মতো বিকল্প যানবাহনে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। তাদের অভিযোগ, এই সুযোগে ছোট যানবাহনের চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। তারা দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন।

চরকাউয়া বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাসুম মজুমদার বলেন, তারা মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নির্বাচন চান। তার অভিযোগ, বর্তমানে দায়িত্বে থাকা ব্যক্তিরা শ্রমিকদের ওপর জুলুম-নির্যাতন করছেন। নির্বাচনের মাধ্যমে যারা দায়িত্বে আসবেন, তাদের নেতৃত্ব মেনে নেওয়া হবে।

অন্যদিকে চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার বলেন, শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করেই ধর্মঘট হয়েছে। মালিক সমিতির সঙ্গে এ বিষয়টির সরাসরি সম্পর্ক নেই। তবে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

/এএসএফ