বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নতুন পাসপোর্ট এবং পাসপোর্ট নবায়নের সব মুলতবি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন নিষ্পত্তি না হওয়ার অভিযোগে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট আবেদন দায়ের করে।
রিটের শুনানি শেষে আদালত নির্দেশ দেন, প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের সব মুলতবি আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি এ বিষয়ে ৯০ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রবাসীদের পাসপোর্ট আবেদন দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি চার সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট রিপন বাড়ৈ এবং অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম।
মামলায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, আইন সচিব এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট ১৪ জনকে বিবাদী করা হয়েছে।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, অন্তর্বর্তীকালীন আদেশে আদালত পাসপোর্ট কর্তৃপক্ষকে ৬০ দিনের মধ্যে সব মুলতবি আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়কে আগামী ২১ দিনের মধ্যে দেশের বিভিন্ন হাইকমিশন ও দূতাবাসে চিঠি পাঠিয়ে প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন দ্রুত পাসপোর্ট অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
/এসএন