• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম


‘ইরানের চেয়েও বড় হুমকি কাতার’—ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ আগস্ট ২০২৬ ৮:৪৪ পিএম

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের চেয়ে কাতারই ইসরায়েলের জন্য বড় হুমকি। তিনি বলেছেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরতে পারলে কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করবেন।

শনিবার (১ আগস্ট) দেশটির টেলিভিশন চ্যানেল ১২–এর এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

বেনেট বলেন, ইরান প্রকাশ্যেই ইসরায়েলকে ধ্বংস করার কথা বলে। তবে কাতার ভিন্ন কৌশলে কাজ করছে। তার অভিযোগ, দেশটি প্রকাশ্যে নয়, বরং আড়াল থেকে ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া হামাসের নুখবা বাহিনীকে কাতার অর্থায়ন করেছে। পাশাপাশি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাতারের প্রভাব নিয়েও সমালোচনা করেন তিনি।

নাফতালি বেনেটের দাবি, কাতার ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার ভেতরেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি ‘কাতারগেট’ কেলেঙ্কারির বিষয়টি উল্লেখ করেন। ওই ঘটনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান ও সাবেক কয়েকজন সহযোগীর বিরুদ্ধে কাতারের ভাবমূর্তি উন্নয়নে অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন।

বেনেট বলেন, “কাতার আমাদের বিরুদ্ধে কাজ করছে এবং ভেতর থেকে বিষ ছড়াচ্ছে।” তিনি আরও দাবি করেন, এখনো কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা না করায় দেশটির পক্ষে কাজ করা আইনগতভাবে নিষিদ্ধ নয়, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

/এএসএফ