• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম


ইউরোপে জেট ফুয়েলের মজুদ মাত্র ছয় সপ্তাহ: সতর্কবার্তা আইইএ প্রধানের

আপডেট টাইম: ১৬ এপ্রিল ২০২৬ ৮:২৯ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে ইউরোপে বিমান জ্বালানি বা জেট ফুয়েলের মজুদ আশঙ্কাজনকভাবে কমে এসেছে। বর্তমানে মহাদেশটিতে মাত্র প্রায় ছয় সপ্তাহের জ্বালানি মজুদ রয়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হলে খুব দ্রুতই ইউরোপে ব্যাপক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটতে পারে।

ফাতিহ বিরোল আরও সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় জ্বালানি সংকটে রূপ নিতে পারে। এর প্রভাব শুধু ইউরোপেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্ব অর্থনীতিতেই এর নেতিবাচক প্রতিক্রিয়া পড়বে।

তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটজনক এবং এটি দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। একই সঙ্গে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কাও রয়েছে, যার ফলে পেট্রল, গ্যাস ও বিদ্যুতের দাম বিশ্বজুড়ে বৃদ্ধি পেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্ন ঘটলে তা বৈশ্বিক পরিবহন খাতসহ বিভিন্ন শিল্পে বড় ধরনের চাপ সৃষ্টি করবে, যা সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।