• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম


যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলায় ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতির দাবি ইরানের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ এপ্রিল ২০২৬ ৩:২৮ পিএম

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর যৌথ হামলায় দেশটির প্রায় ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এ তথ্য দেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে তিনি রাশিয়ার সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে বলেন, চলমান আলোচনায় যুদ্ধজনিত ক্ষতিপূরণের বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় রয়েছে। ইসলামাবাদ-এ অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকেও এই ইস্যু উত্থাপন করা হয়েছে।

তবে তিনি স্পষ্ট করেন, ২৭০ বিলিয়ন ডলারের এই হিসাব এখনো চূড়ান্ত নয়। তার মতে, যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বিভিন্ন ধাপে মূল্যায়ন প্রয়োজন হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর পুরো অঞ্চলে উত্তেজনা বেড়ে যায়। ওই হামলায় বহু মানুষ নিহত ও আহত হন। এর জবাবে তেহরান ইসরাইলসহ ইরাক, জর্ডান এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত সপ্তাহে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এর মধ্যেই ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রায় ২১ ঘণ্টা আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।