• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১০:১১ এএম


জোড়া ভূমিকম্পের পরও থামেনি কম্পন, ভেনেজুয়েলায় ১,১৭১টি আফটারশকে ব্যাহত উদ্ধারকাজ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুলাই ২০২৬ ৯:০৩ পিএম

গত ২৪ জুন ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ১৭১ বার আফটারশক বা অনুকম্পন অনুভূত হয়েছে। এসব অনুকম্পনের কারণে উদ্ধার অভিযান বারবার ব্যাহত হচ্ছে এবং দুর্গত মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানান। তিনি বলেন, ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটিতে আঘাত হানে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, এ দুর্যোগে এখন পর্যন্ত ৪ হাজার ১১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জনেরও বেশি মানুষ। এছাড়া হাজার হাজার মানুষ এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।

হোর্হে রদ্রিগেজ জানান, ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে ইতোমধ্যে জরুরি সহায়তা দেওয়া হয়েছে। ধসে পড়া ভবন থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ৮৫৬টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

তিনি আরও জানান, দুর্গত এলাকায় এ পর্যন্ত ৯ হাজার ৭৬৬ মেট্রিক টন খাদ্য এবং ১ কোটি ৩৯ লাখ লিটারের বেশি বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২৯ হাজার ৯৬৬ জন আহত ও অসুস্থ ব্যক্তি চিকিৎসাসেবা পেয়েছেন। বাস্তুচ্যুত মানুষের জন্য ৮৯টি অস্থায়ী আশ্রয়শিবিরও স্থাপন করা হয়েছে।

বর্তমানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৩০ হাজার ৭৬ জন সরকারি কর্মী, ২৯ হাজার ৮৪৩ জন স্বেচ্ছাসেবক এবং ৩ হাজার ৪৫৪ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বয়ে বড় পরিসরে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

তবে আফটারশকের কারণে পরিস্থিতি এখনো উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন রদ্রিগেজ। প্রতিবার অনুকম্পন অনুভূত হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার জন্য অভিযান সাময়িকভাবে বন্ধ রেখে নিরাপদ স্থানে সরে যেতে হচ্ছে। ফলে চলমান উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্গত এলাকায় ভয় ও অনিশ্চয়তাও আরও বেড়ে চলেছে।

/এসএন