ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ১১৮ জনে পৌঁছেছে। গত ২৪ জুন সংঘটিত এই ভয়াবহ দুর্যোগে আহত হয়েছেন আরও অন্তত ১৬ হাজার ৭৪০ জন। এছাড়া হাজার হাজার মানুষ এখনো বাস্তুচ্যুত অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দুর্যোগ-পরবর্তী সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এসব তথ্য জানিয়েছেন দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ।
তিনি জানান, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশটিতে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জোড়া এই ভূমিকম্পে দেশজুড়ে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।হোর্হে রদ্রিগেজের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে।
ধসে পড়া ও ক্ষতিগ্রস্ত ভবন থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ভূমিকম্পে ৮৫৬টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।তিনি আরও জানান, দুর্গত এলাকাগুলোতে এ পর্যন্ত ৯ হাজার ৭৬৬ মেট্রিক টন খাদ্যসামগ্রী এবং ১ কোটি ৩৯ লাখ লিটারেরও বেশি পানীয় জল বিতরণ করা হয়েছে।
পাশাপাশি আহত ও অসুস্থ ২৯ হাজার ৯৬৬ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গৃহহীন ও বাস্তুচ্যুত মানুষের জন্য প্রশাসন অস্থায়ীভাবে ৮৯টি আশ্রয়শিবির স্থাপন করেছে।ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় ভেনেজুয়েলা সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় বড় পরিসরে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।
বর্তমানে উদ্ধার ও ত্রাণকাজে ৩০ হাজার ৭৬ জন সরকারি কর্মী এবং ২৯ হাজার ৮৪৩ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। তাদের সঙ্গে কাজ করছেন আরও ৩ হাজার ৪৫৪ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী।এদিকে মূল ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ওই অঞ্চলে ১ হাজার ১৭১টি আফটারশক বা অনুকম্পন রেকর্ড করা হয়েছে। এসব অনুকম্পন উদ্ধার তৎপরতায় নতুন করে চ্যালেঞ্জ সৃষ্টি করছে।সূত্র: আনাদোলু এজেন্সি।
/বিএসএস