• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম


যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে অনিশ্চয়তা, প্রস্তুত পাকিস্তান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ এপ্রিল ২০২৬ ৬:০৪ পিএম

যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে নির্ধারিত বৈঠক ঘিরে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। পরিকল্পনা অনুযায়ী, দুই দেশের প্রতিনিধিদের ইসলামাবাদে বৈঠকে বসার কথা রয়েছে।

এদিকে বৈঠককে ঘিরে ইসলামাবাদে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ ‘রেড জোন’ এলাকায় প্রবেশপথের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন সরকারি ভবন ও বিদেশি দূতাবাস অবস্থিত।

বিবিসির প্রতিনিধি লিস ডোকেট শুক্রবার সকালে জানান, তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে বলেছেন, আলোচনা এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে বৃহস্পতিবার ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে—এমন খবর প্রকাশিত হলেও তা অস্বীকার করা হয়েছে। এ-সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টও পরে সরিয়ে নেওয়া হয়।

তবে প্রস্তুতির ধরণ দেখে মনে হচ্ছে, বৈঠকটি পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

অন্যদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের ঘনিষ্ঠ তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত এ আলোচনা এগোবে না।

এ বিষয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহও বিবিসির ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে একই ইঙ্গিত দিয়েছেন।

সূত্র: বিবিসি