পাকিস্তান নৌবাহিনী উত্তর আরব সাগর থেকে একটি বাণিজ্যিক জাহাজের ১৮ জন নাবিককে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
দেশটির সেনাবাহিনীর বরাতে জানা গেছে, গোল্ড অটাম নামের জাহাজটি থেকে সাহায্যের সংকেত পাঠানো হলে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়।
পরে জাহাজে থাকা ১৮ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে করাচি-তে নেওয়া হয়েছে। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন।
তবে কী কারণে জাহাজটি সাহায্যের সংকেত পাঠিয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পাকিস্তান সেনাবাহিনী।
এক বিবৃতিতে বলা হয়েছে, নাবিকদের উন্নততর চিকিৎসা এবং পরবর্তীতে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য করাচিতে রাখা হয়েছে।