নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীসহ তিনজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজে নকল সরবরাহের প্রমাণ পাওয়ায় দুই বহিরাগত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩ মে) সকালে উপজেলার কেশবা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—মাগুড়া মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী তরিকুল ইসলাম, মাগুড়া দোলাপাড়া আলিম মাদ্রাসার প্রভাষক মোস্তাফিজার রহমান, বাহাগিলি দারুসসুন্নত দাখিল মাদ্রাসার সহকারী মাওলানা মামুনুর রশিদ এবং বাহাগিলি খামাতপাড়া দাখিল মাদ্রাসার সুপার সাজেদুল ইসলাম।
এদিকে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—মাগুড়া পাটোয়ারীপাড়া গ্রামের সহিদার রহমানের ছেলে শাকিল মিয়া (৩৪) এবং জলঢাকা উপজেলার টেঙ্গনমারী কুঠিপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে লিমন ইসলাম (২১)।
জানা গেছে, পরীক্ষা চলাকালে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নকল সরবরাহের বিষয়টি শনাক্ত করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ঘটনাস্থলে ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন।
পরীক্ষা কেন্দ্রের সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ-জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, পাবলিক পরীক্ষা আইন ১৯৮০-এর ৯ ধারায় দায়ের করা মামলায় গ্রেফতার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
/এসএন