বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে ঝরে পড়ার হার কমাতে সরকার স্কুল ড্রেস ও মিড ডে মিল কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বেড়ে গিয়েছিল। বর্তমান সরকার শিশুদের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি জানান, এক বৈঠকে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেছিলেন, ‘আমি যখন ইংল্যান্ড ছিলাম আমার বাসার সামনে দিয়ে ছোট শিশুরা কি সুন্দর জুতা, মোজা, সুন্দর ড্রেস পড়ে ব্যাগ কাধে স্কুলে যায়। আমি শুধু চিন্তা করতাম কবে আমাদের দেশের শিশুতের এই ব্যবস্থা হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, সেই পরিকল্পনা এখন বাস্তবায়নের পথে। তিনি বলেন, ‘ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে গিয়েছে। আপনারা আগামী দুই মাসের মধ্যেই দেখতে পাবেন আমরা সারা বাংলাদেশের শিশুদেরকে ড্রেসের ব্যবস্থা করেছি।’
তিনি আরও জানান, চলতি বছরের মধ্যেই দেশের সব শিশু শিক্ষার্থীর জন্য মিড ডে মিল বা দুপুরের খাবারের ব্যবস্থা চালু করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে আরও আনন্দময় ও শিক্ষার্থী-বান্ধব করতে খেলাধুলাকে পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত করা হবে। শিক্ষার্থীরা যেন আনন্দের সঙ্গে শেখার সুযোগ পায়, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিশুদের মানসম্মত শিক্ষা ও সার্বিক বিকাশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সুশিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি সুস্থ, দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থীকে ড্রেসবিহীন রাখা হবে না। একই সঙ্গে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত ঘাটতি রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে।
/এসএন