• ঢাকা
  • রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পিএম


‘১০ বছরে এসএসসি, ১২ বছরে এইচএসসি’—শিক্ষামন্ত্রীর নতুন লক্ষ্য

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ মে ২০২৬ ৯:৫১ পিএম

সরকার ১০ বছরে এসএসসি এবং ১২ বছরে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘অন গ্রিড সোলার প্রজেক্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে কোনো ধরনের কার্পণ্য করা হচ্ছে না। তিনি জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে একটি বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে, যেখানে কীভাবে সময় নষ্ট না করে সিলেবাস সম্পন্ন করে পরীক্ষা নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করা হবে।

মন্ত্রী বলেন, “আমরা আলোচনা করব কিভাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সিলেবাস কাভার করে, সময় নষ্ট না করে আমরা যেনো ঠিকমতো এগুতে পারি। অর্থাৎ তোমাদের জীবনে এসএসসি পাশ করতে যেনো ১০ বছরের স্কুলিং যেনো ১০ বছরই থাকে। কোন সেশনজট যেনো না হয়, তোমরা যেনো পিছিয়ে না পড়ো।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থে যা প্রয়োজন সরকার তাই করবে। তবে পরীক্ষাও সুন্দরভাবে সম্পন্ন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমানে পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে, কারণ সবাই চায় পরীক্ষার পরিবেশ স্বাভাবিক ও সুষ্ঠু থাকুক। তিনি বলেন, “শিক্ষার্থীরা যা চাইবে, আমরাও তাই চাইবো। জোর করে কোনদিন কাউকে কিছু করা যায় না।”

শিক্ষাকে আনন্দময় করে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষা হবে আনন্দের বিষয় এবং প্রজেক্টভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আরও দক্ষ করে গড়ে তোলা হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ জনগোষ্ঠী ও মানবসম্পদ। এই সম্পদকে দক্ষভাবে গড়ে তুলতে পারলে দেশের অগ্রযাত্রা আরও বেগবান হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারবে।

তিনি বলেন, দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ও আধুনিকায়ন প্রয়োজন। সেই লক্ষ্য সামনে রেখেই সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

/এসএন