এহছানুল হক মিলন
দেশের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের সেশনজট কমাতে বড় পরিবর্তন আনছে সরকার। ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই, অর্থাৎ ওই বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে।
শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা সংক্রান্ত বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন সাংবাদিকদের এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ও পরবর্তী শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার মধ্যে দীর্ঘ সময়ের ব্যবধান তৈরি হচ্ছে। অক্টোবরে ফল প্রকাশের পর জানুয়ারিতে ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় প্রায় এক বছরের সেশনজট তৈরি হচ্ছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে এবং তারা কোচিং নির্ভর হয়ে পড়ছে। এই সমস্যা কমাতেই ডিসেম্বর মাসে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
তিনি আরও জানান, সরকারের লক্ষ্য হলো দুই বছরের পাঠ্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা। সিলেবাস শেষ হওয়ার পরপরই পরীক্ষা গ্রহণ এবং দ্রুত উচ্চতর শ্রেণিতে ভর্তি নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। একই পরিকল্পনার অংশ হিসেবে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও এগিয়ে আনা হবে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় শুরু হয়েছে বলেও জানান তিনি। এতে সেশনজট কমবে এবং কোচিং বাণিজ্যের প্রভাবও হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
এর আগে বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা নিয়েও আলোচনা হয়। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি স্বচ্ছ ও আধুনিক বদলি নীতিমালা দ্রুত বাস্তবায়ন করা হবে, যা শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করবে।
তিনি জানান, শিক্ষা ব্যবস্থার সামগ্রিক সংস্কার ও আধুনিকায়নের অংশ হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।